করোনা পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ জাদুঘর অনলাইনে আয়োজন করতে যাচ্ছে অষ্টম লিবারেশন ডকফেস্ট শীর্ষক প্রামাণ্যচিত্র উৎসব। আগামী ১৬-২০ জুন ডিজিটাল যোগাযোগমাধ্যমে এই উৎসব অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো মুক্তিযুদ্ধ জাদুঘরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনলাইন চলচ্চিত্র উৎসব। উৎসবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ১৬ জুন বেলা ১১টায় মুক্তিযোদ্ধা ও প্রবীণ চিত্রনির্মাতা সালাউদ্দিন জাকি উৎসবের উদ্বোধন করবেন।
এই উৎসবের বঙ্গবন্ধু মুক্তিদাতা (Bangabandhu the Liberator) পর্যায়ে রয়েছে বঙ্গবন্ধু ও তৃতীয় বিশ্বের নেতাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। Cinema of the World পর্যায়ে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ও সাম্প্রতিক প্রামাণ্যচিত্র। এ ছাড়া শিক্ষার্থীদের নির্মিত ‘ওয়ান মিনিট ফিল্ম’-এ পূর্বভারতের নতুন প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।
দেশের এবং দেশের বাইরের আগ্রহী দর্শক বিনামূল্যে এসব প্রামাণ্যচিত্র দেখতে পারবেন। তবে আগ্রহী দর্শকরা নিম্নোক্ত লিংকে রেজিস্ট্রেশন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। www.liberationdocfestbd.org। রেজিস্ট্রেশনকারী সবাই প্রামাণ্যচিত্রের তালিকা, সময়সূচি এবং তথ্যাদি নিয়মিতভাবে পাবেন।