যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আদালতের কর্মীদের

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যে কর্মীরা আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্তে নিয়োজিত তাদের ওপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারিতে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার তিনি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তার এ আদেশের ফলে দেওয়া নিষেধাজ্ঞাগুলোতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট আইসিসির কর্মী, তাদের সাহায্য করা ব্যক্তি কিংবা যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া দেশটির কোনো নাগরিকের বিচারে সহযোগিতাকারীদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না, বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি আইসিসিকে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলেও অ্যাখ্যা দিয়েছেন।