আশরাফুলের বিশ্বকাপ জার্সি নিলামে

নিলামে উঠছে বাংলাদেশের প্রথম বৈশ্বিক ক্রিকেট সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের ২০০৭ বিশ্বকাপের জার্সি। ১৯ জুন বাংলাদেশ আর্টউইক ভার্চুয়াল চ্যারিটি অকশনের মাধ্যমে ফেইসবুক পেইজে লাইভ নিলাম হবে। করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল গড়তে আশরাফুল তার প্রিয় জার্সিটাকে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। ওই জার্সিতে আছে ২০০৭ বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের কোচ-অধিনায়কসহ সব খেলোয়াড়ের অটোগ্রাফ।

গতকাল আশরাফুল জানিয়েছেন, ‘আমি ২০০৭ এর বিশ্বকাপে যে জার্সিটা পরে খেলেছিলাম সেটা নিলামে তুলছি। (এই জার্সি পরে) প্রথম রাউন্ডে তিনটা ম্যাচ খেলেছিলাম এবং তিন ম্যাচেই আমি নটআউট ছিলাম।’ ভারত ও বারমুডাকে হারিয়ে গ্রুপপর্ব পেরিয়ে সুপার এইটে উঠে যায় বাংলাদেশ। সেখানে একটি মাত্র জয় তাদের। সেটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে হারোনা ম্যাচেও আশরাফুলের শরীরে ছিল এই জার্সি। ‘দ্বিতীয় রাউন্ডে উঠে সাউথ আফ্রিকার সঙ্গে যে ম্যাচটি জিতেছিলাম এবং আমি ৮৭ রান করেছিলাম ৮৩ বলে...।’ আশরাফুল বলছিলেন, ‘পুরো টুর্নামেন্টেই আমি ওই টি-শার্টটা পরে খেলেছিলাম। খেলা শেষে আমি আমাদের পুরো বাংলাদেশ টিমের অটোগ্রাফ নিয়েছিলাম।’

আশরাফুল এই জার্সির জন্য আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশন করে নিলামে অংশ নিয়ে একটি মহৎ কাজের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন, ‘যত বেশি ফান্ড উঠবে তা দিয়ে খেলোয়াড়, মিউজিশিয়ান, আর্টিস্ট, স্টাফ সবাইকে এই টাকা দেওয়া হবে। তাদের যতটুকু উপকার হয় সেটাই করার চেষ্টা করছে বাংলাদেশ আর্টউইক ভার্চুয়াল চ্যারিটি অকশন।’

প্রসঙ্গত, আশরাফুল বিশ্ব টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে যে ব্যাট দিয়ে ইতিহাস গড়া ১১৪ রানের ইনিংস খেলেছিলেন সেই ব্যাট প্রথমে নিলামে তুলতে চেয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত ভিত্তিমূল্য না পাওয়ায় সেই উদ্যোগ থেকে সরে এসেছিলেন। এবার নিলামে তুলছেন যে জার্সি সেটির ভিত্তিমূল্য থাকছে ২০ হাজার টাকা। ১৮ জুনের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের কাছে পাঠানো হবে ফেইসবুক লাইভ ইভেন্টের লিংক।