আদিবাসী নেতাকে মারধরের ভিডিও দেখে ক্ষুব্ধ ট্রুডো

তিন মাস আগে আদিবাসী এক নেতাকে আটকের সময় তাকে মারধরের একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর কানাডায় সাধারণ মানুষের সঙ্গে সুর মিলিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ক্ষোভ প্রকাশ করেছেন।

আলবার্টার ফোর্ট ম্যাকমারিতে গত ১০ মার্চ রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক সদস্য আথাবাস্কা চিপেওয়ান ফার্স্ট নেশনের প্রধান অ্যালান অ্যাডামকে আটকের সময় তাকে মাটিতে ফেলে একের পর এক ঘুষি মারেন।

পুলিশের গাড়িতে থাকা ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়।

বৃহস্পতিবার রাতে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ রেকর্ডটি প্রকাশ করে।

১২ মিনিটের ভিডিওটি দেখে ট্রুডো বলেছেন, ‘হতভম্ব ভিডিওটি আমরা সবাই দেখেছি। অবশ্যই এর শেষ দেখতে হবে। যা ঘটেছে তা নিয়ে আমার মারাত্মক প্রশ্ন আছে।’

রয়েল পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতিরক্ষা মন্ত্রী তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।

পুলিশ এর আগে দাবি করেছিল, ওই নেতাকে জোরাজুরি করার যথেষ্ট কারণ ছিল।

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মারা যাওয়ার পর এমনিতে বর্ণবাদবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে। সেই আন্দোলনের সঙ্গে ট্রুডোও সংহতি প্রকাশ করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কানাডার আদিবাসী জনগোষ্ঠী বিক্ষোভ শুরু করেছে। কয়েক অঞ্চলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

ট্রুডো বলেছেন, কানাডার পুলিশের শরীরের সঙ্গে বডি ক্যামেরা যুক্ত করা উচিত।