দৈনিক যুগান্তর পত্রিকার অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার এক শোকবার্তায় আইজিপি বলেন, অগ্ধিদ্গ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন নান্নুর অকালে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও শোকাবহ ঘটনা।
অপরাধ বিষয়ক সাংবাদিক হিসেবে সমাজের অন্যায় ও অসত্য তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে তুলে ধরে সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলেন। বাংলাদেশ পুলিশের সাথে তার ছিল সৌহার্দ্যপূর্ণ পেশাগত সুসম্পর্ক।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী ও অমায়িক একজন মানুষ। তাঁর অকাল মৃত্যুতে আমরা এক নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক এবং আমাদের অত্যন্ত প্রিয় কাছের একজন মানুষকে হারালাম।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নান্নু।
এর আগে শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়লে গুরুতর দগ্ধ হন তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সিনিয়র এই সাংবাদিকের শরীরে ৬০ শতাংশ দগ্ধ ছিল। শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।