নরসিংদীর মনোহরদীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নান্নু মিয়া (৩৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত ৯৬৬ জন। আর মারা গেছে ১৫ জন।
শনিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত নান্নু মিয়া মনোহরদী পৌরসভার ৪নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি মনোহরদী সাব রেজিস্টার অফিসে দলিল লেখকের কাজ করতেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, নিহত নান্নু মিয়ার গত কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশি ছিলো। বাড়িতে চিকিৎসা নেয়ার পর ও ভালো না হওয়ায় এবং করোনা উপসর্গ থাকায় গত বুধবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যায়। আজ সকালে তিনি বাড়িতে মৃত্যুবরণ করেন। আর করোনা উপসর্গ থাকায় ও ফলাফল না আসায় আমরা উপজেলা করোনা কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে দাফন করা হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১০০ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে রবিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়।
শুক্রবার সেসব নমুনার মধ্যে ৫৬টির ফলাফল পাওয়া গিয়াছে। নতুন আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সকলেই সদর উপজেলার। আর ইনফ্লুয়েঞ্জা সার্ভেইল্যান্স এর আওতায় আইসিডিআরডিতে রবিবার ও বুধবার পাঠানো ৩০টি নমুনার মধ্যে ১০টির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরা সকলেই সদর উপজেলার । এ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন করোনায় শনাক্ত হয়েছে।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, শুক্রবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৫৩৮১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৪৬৬৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৬৬ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৬৭৪ জন, রায়পুরাতে ৬৪ জন, শিবপুরে ৬৬ জন, বেলাবোতে ৫৪ জন, পলাশে ৮০ জন ও মনোহরদীতে ২৮ জন।
এদের মধ্যে সুস্থ হয়েছে ৩২১ জন,আক্রান্ত ৪২ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৫৮৮ জন আইসোলেশনে আছেন বাড়িতে।
আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, রায়পুরায় ২ জন, মনোহরদী ১ জন ও বেলাব উপজেলায় ০২ জন।