মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। তার পিতা শহীদ ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চার নেতার একজন। পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র গঠনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা বাঙালি জাতি চিরকাল স্মরণে রাখবে।’

হাসপাতালে টানা নয় দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

এরপর তিন দফা তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও তার লাইফ সাপোর্ট সরানো সম্ভব হয়নি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।