ইমিগ্রেশনে কর্মরত ৩ সাবইন্সপেক্টর করোনায় আক্রান্ত

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে কমর্রত ৩ জন সাব ইন্সপেক্টর করোনায় আক্রান্ত হয়েছেন। 

আক্রান্তরা হচ্ছেন, সাব ইন্সপেক্টর বশির উদ্দিন মোড়ল, এসকে মনিরুল ইসলাম ও তরিকুল ইসলাম। বর্তমানে তারা বেনাপোল পুলিশ ইমিগ্রেশনে কর্মরত আছেন। উভয়ে বেনাপোল পৌরসভার ছোট আচড়া গ্রামে পৃথক ভাড়া বাড়িতে বসবাস করছেন। 

যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টার ল্যাব থেকে ৬৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট জমা দেয়া হয়েছে। তার মধ্যে ১১ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে নিশ্চিত করা হয়েছে রাতে। তাদের মধ্যে ইমিগ্রেশনে কর্মরত ৩ জন অফিসারের পরীক্ষা রেজাল্ট করোনা পজিটিভ পাওয়া গেছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী জানান, করোনায় আক্রান্ত তিনজনই বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত। তাদেরকে বাড়ীতে আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের প্রত্যেকের বাড়ি লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে ।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, ইমিগ্রেশনে কমর্রত ৩ জন সাব ইন্সপেক্টর করোনায় আক্রান্ত হয়েছেন।তাদেরকে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।