জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি হলের প্রায় ১৭টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্ট আয়শা সিদ্দিকা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হল কর্তৃপক্ষ।
হল প্রশাসন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার নিয়মিত পর্যবেক্ষণেও চুরির বিষয়টি জানা যায়নি। শুক্রবার সকালে হলের ‘এ’ ব্লকের ২০১, ২০৩, ২১১, ২১৬, ২১৭, ৩০১ ও ৩০৫ এবং ‘বি’ ব্লকের ১১৩, ২০২, ২১২, ২১৩, ২২২, ৩০৯, ৪০৩, ৪১২ ও৪২১ নম্বর কক্ষসহ একটি স্টোর রুমের দরজার তালা ভেঙে চুরির বিষয়টি জানা গেছে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করেও জিনিসপত্র হলে রাখতে হয়েছে বলেও অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে প্রীতিলতা হলের প্রভোস্ট আয়শা সিদ্দিকা বলেন, ‘আমরা প্রতিদিনই পুরো হল চেকিং করি। বৃহস্পতিবার রাতেও আমরা চেক করেছি। রাত ১২টার পর কোনো এক সময় চুরির ঘটনাটি ঘটতে পারে। চুরি যাওয়া রুমগুলোতে ছোটো লকারের তালার মতো তালা লাগানো ছিলো। যার কারণে হয়তো সহজেই চুরি করতে পেরেছে। আর তিন তলার কোনো এক রুমে বিছানার ওপর ল্যাপটপ রাখা ছিলো। সেটা তেমনই আছে, চোর নেয়নি। তাই আশা করছি বড় ধরনের কোনো ক্ষতি হয়তো হয়নি।’
তিনি বলেন, ‘হলটির চার জন প্রহরী বর্তমানে লকডাউনে আটকে আছেন। যে কয়জন আছেন তাদের দিয়ে অতিরিক্ত ডিউটি করানো হচ্ছে। এরপরেও চুরি ঘটনা খুব দুঃখজনক। হল প্রশাসনের মিটিং হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করা হয়েছে। আর ক্ষয়ক্ষতির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করবে।’