করোনাকালে বেতনের টাকা দুস্থদের মাঝে বিলিয়ে দিচ্ছেন এসআই মেহেদী

করোনাকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি কভিড-১৯ আক্রান্ত হয়ে পালিয়ে থাকা রোগীকে খুঁজে বের করা, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা মানবিক কাজে এখন ব্যস্ত সময় পার করছে পুলিশ। পুলিশে কোন কোন সদস্য আবার এই মহামারির সময়ে আয়ের প্রায় সবটুকুই গোপনে বিলিয়ে দিয়ে যাচ্ছেন দুস্থদের মাঝে।

এমনই এক মানবিক পুলিশ রাজধানীর এয়ারপোর্ট পুলিশ বক্সের ইনচার্জ এসআই মেহেদী হাসান। যিনি করোনাকালীন এই চারমাসে নিজ বেতনের অর্ধেকই বিলিয়ে দিয়েছেন রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে।

এসআই মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, করোনাকালে উদ্ভূত পরিস্থিতিতে সব কিছু যখন স্থবির হয়ে পড়ে, তখন অনেক মানুষ খাবারের জন্য রাস্তায় নেমে আসেন। এমনকি রাতেও অনেক মানুষ রাস্তায় নেমে আসতেন। পুলিশের কাছে খবর আসে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার নেই। বাড়ি লকডাউন থাকায় কেউ বের হতে পারছেন না।

পুলিশে চাকরির সুবাদে বাইরে বের হয়ে এমন দৃশ্য দেখে খুব খারাপ লাগে। তখনই ভাবতে থাকি এসব মানুষের জন্য কিছু একটা করা যায় কিনা। মানবিকতার টানে আমার সীমিত সামর্থ্যে যেটুকু সম্ভব হয়েছে তা দিয়ে চেষ্টা করছি একটি পরিবারের যেন অন্তত একবেলার ক্ষুধা নিবারণ করা যায়। ভবঘুরে মানুষ ছাড়াও অসহায় মানুষের বাড়িতেও পৌঁছে দেয়ার চেষ্টা করছি খাদ্য সামগ্রী। আমার পরিবারের সদস্যরাও এই উদ্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং দিচ্ছেন বলেও জানান তিনি।