ডা. এমদাদসহ তিন চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় আনা হলো

করোনায় আক্রান্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়েছে। একই সাথে আরও দুই চিকিৎসককেও ঢাকায় নিয়ে আসা হয়েছে।

শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই১৭১এসএইচ হেলিকপ্টারে করে তাকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা দিচ্ছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

আইএসপিআর জানায়, করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক ডা. মোহাম্মদ এমদাদ উল্লাহ খানকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়। সেই সঙ্গে ডা. শোভন রহমান ও ডা. মরিয়ম আক্তারকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। পরবর্তীতে ডা. এমদাদকে উন্নত চিকিৎসার জন্য মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে।