ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী তার শোক বার্তায় বলেন, ছাত্রাবস্থায় জাতির পিতার আদর্শে রাজনীতিতে যুক্ত হওয়া শেখ আবদুল্লাহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। স্বাধীনতা পরবর্তীতে তার একনিষ্ঠ কর্মময় জীবন ছিল দেশপ্রেম ও মেধার স্বাক্ষরে উজ্জ্বল। তার মৃত্যুতে দেশ একজন সৎ, সাহসী ও প্রজ্ঞাবান নেতাকে হারাল।
মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রয়াত শেখ মো. আবদুল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।