চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের পার্শ্ববর্তী বেদখল হয়ে যাওয়া ১৫টি পাহাড় রক্ষার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন পিপলস ভয়েস। গতকাল শনিবার সংগঠনটি এক বিবৃতিতে এ দাবি জানায়। পাশাপাশি ছয় কিলোমিটার দীর্ঘ বায়েজিদ লিংক রোডের দুই পাশের পাহাড় রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনার এই সময়ে বায়েজিদ লিংক রোডের দুই পাশে জঙ্গল সলিমপুর, সলিমপুর, জালালাবাদ, উত্তর পাহাড়তলি, আরেফিন নগর এলাকায় নির্বিচারে পাহাড় কাটা চলছে। এপ্রিল ও মে মাসে ওই এলাকায় ১৫টি পাহাড় কেটে চারশ স্থাপনা গড়ে তুলেছে। এমনকি দুই পাহাড়ের মাঝের অংশ কেটে সুড়ঙ্গপথও করা হয়েছে।
লকডাউনের আগে শর্ত ভঙ্গ করে ওই এলাকায় পাহাড় কাটায় সড়ক নির্মাণকারী সিডিএ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছিল পরিবেশ অধিদপ্তর। এরপর ৬ ফেব্রুয়ারি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন ওই এলাকা পরিদর্শন করে পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেন। এর দুই মাস না যেতেই আবারও ওই এলাকায় নির্বিচারে পাহাড় কাটা হয়। বিবৃতিতে পিপলস ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, ‘এভাবে ওই এলাকায় পাহাড় কাটা চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই পাহাড় বিলীন হয়ে যাবে।’