লকডাউন অমান্য নারায়ণগঞ্জে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খুলে রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম এ দ- দেন। ইউএনও দেশ রূপান্তরকে জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রূপগঞ্জ সদর ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

সর্বাত্মক লকডাউন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মনিটরিং অব্যাহত থাকবে। তবে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে টেলিমেডিসিন, নমুনা সংগ্রহে আলাদা দল গঠন, হোম ডেলিভারি সার্ভিস, স্বাস্থ্যকর্মীদের যাতায়াত ও মৃতদের দাফন-সৎকারের আলাদা ব্যবস্থা করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সংক্রমণ বিবেচনায় সদর ইউনিয়নকে ‘রেড জোন’ ঘোষণা করে জেলা প্রশাসন।