চাকরি স্থায়ীকরণে নবনির্মিত ২৫০ শয্যার আইসোলেশন সেন্টারে দায়িত্বরতদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেছেন, ‘চসিকের স্বাস্থ্য বিভাগের যেসব অস্থায়ী চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী আইসোলেশন সেন্টারে কাজ করবেন। চাকরির প্রবিধানমালা বাস্তবায়নের আওতায় তাদের স্থায়ী করা হবে।’
গতকাল শনিবার চসিকের পুরাতন কার্যালয়ে সংস্থাটির স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়ে মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘জেলায় আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় এমন সেন্টারের প্রয়োজন ছিল। এখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ সুরক্ষা এবং তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।’
এ সময় মেয়র দায়িত্বরত ১৬ চিকিৎসক, ৫ নার্স, ১৪ ল্যাব টেকনিশিয়ান, প্যারামেডিক, ফার্মাসিস্ট, ১১ স্বাস্থ্যকর্মী ও ৬ নমুনা বুথকর্মীকে নানা দিকনির্দেশনা দেন।
শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ।