নেপালে মানচিত্র সংশোধনী বিল পাসে ক্ষুব্ধ ভারত

ভারতের ‘দখলে থাকা’ ভূখণ্ড নিজেদের দাবি করে নতুন মানচিত্র সংশোধনী বিল সংসদের নিম্নকক্ষে পাস করেছে নেপাল। ভারত এর প্রতিক্রিয়ায় ‘সমর্থনযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, প্রতিনিধি সভায় দিনভর আলোচনার পর শনিবার বিকেলে মৌখিক ভোটে প্রথমে বিলটি পাস হয়। এরপর বিলে সব প্রতিনিধি সাক্ষর করেন। তার মানে দেশটির সব দলের রাজনীতিবিদেরা এর পক্ষে রয়েছেন।

এর আগে গত মে মাসে ভারতের ‘দখলে থাকা’ কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে ফেরানোর দাবি জানিয়ে নেপালের সংসদে একটি প্রস্তাব পেশ করে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। সেটি নিয়ে দুই দেশের মধ্যে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়।

বিল পাসের পর এ প্রসঙ্গে ভারতের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘যে দাবি করা হয়েছে, তা মোটেই সমর্থনযোগ্য নয়। ঐতিহাসিক তথ্য ও প্রমাণের উপর নির্ভর করে এটা করা হয়নি। সীমান্ত ইস্যুতে পারষ্পরিক বোঝাপড়া লঙ্ঘিত হয়েছে এই পদক্ষেপে।’

তিনি বলেন, ‘ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানানো উচিত নেপালের। আশা রাখব সীমান্ত ইস্যু সমাধানে নেপালের নেতৃত্ব কূটনৈতিক স্তরে ইতিবাচক বাতাবরণ তৈরি করবেন।’

নিম্নকক্ষে পাস হওয়া বিলটি এখন পাঠানো হবে ন্যাশনাল অ্যাসেম্বলিতে। সেখানেও একই প্রক্রিয়া চলবে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিল পাসের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে।