জাতীয় দলের সাবেক ফুটবলার মানিক আর নেই

জাতীয় ফুটবল দলের সাবেক মিডফিল্ডার নুরুল হক মানিক মারা গেছেন। রবিবার দুপুর সাড়ে ৩ টার দিকে ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি..... রাজিউন)।

১৯৮৭ থেকে ৯৭ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলা এই মিডফিল্ডারের বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কোচ হিসেবে কর্মরত ছিলেন।

মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মানিকের মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত।

তিনি জানান, ‘কদিন ধরে অসুস্থ ছিলেন মানিক। জ্বর ও শ্বাসকষ্ট ছিল। দুপুর সাড়ে তিনটার দিকে ধানমন্ডির বাসাতে ব্রেন স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন তিনি। বাফুফেতে তার সতীর্থ একজন কোচ আমাকে নিশ্চিত করেছেন এটা।’

ক্লাব ক্যারিয়ারে মানিক ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কও ছিলেন। এ ছাড়া ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাবেও অধিনায়কের দায়িত্ব পালন করেন।

মানিকের মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে দেশের ফুটবল অঙ্গনে। শোক জানিয়েছে বাফুফে। সাবেক ফুটবলার, কোচদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিকের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরো পড়ুন:

করোনা আক্রান্ত ছিলেন সাবেক ফুটবলার মানিক