সাবেক ফুটবলার মানিকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক তারকা ফুটবলার ও বাফুফের কোচ নুরুল হক মানিক মারা গেছেন। রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মানিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মানিক মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৃণমূল পর্যায়ের কোচ হিসেবে কর্মরত ছিলেন। তার ছিল বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার। ঢাকার মাঠে কুশলী মিডফিল্ডার হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি।

আশির দশকে আরামবাগ ক্রীড়া সংঘের জার্সি গায়ে ঢাকার শীর্ষ লিগে অভিষেক হয়েছিল মানিকের। এরপর ইয়ংমেন্স ফকিরেরপুল, ব্রাদার্স ইউনিয়ন হয়ে মোহামেডানে এসে খেলেছেন প্রায় অর্ধ যুগ। সাদা-কালো দলটির অধিনায়কত্বও করেছেন তিনি। দীর্ঘ ১০ বছর খেলেছেন জাতীয় দলে।