হাসপাতালগুলো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর জন্য দখলে রাখা হয়েছে : মির্জা আব্বাস

হাসপাতালগুলো কিছু ব্যক্তি ও গোষ্ঠীর জন্য দখলে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকার ব্যর্থতার ‘ষোলকলা’ পূর্ণ করে ফেলেছে। সারা দেশে শুরু হয়ে গেছে লাশের মিছিল। এখন হাসপাতালগুলোতে রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। তার ওপর এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু ব্যক্তি গোষ্ঠী কিংবা সংস্থার জন্য একপ্রকার দখলে রাখা হয়েছে।

গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, হাসপাতালগুলোতেও চলছে একপ্রকার দখলে রাখার প্রতিযোগিতা। কোনো কোনো হাসপাতাল ব্যবহার হচ্ছে শুধুমাত্র বিশেষ মানুষের জন্য, আবার কোনো কোনো হাসপাতাল ব্যবহার হচ্ছে বিশেষ সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এভাবে যদি এক এক করে হাসপাতালগুলো বিভিন্ন বেড়াজালে আটকে ফেলেন তবে চিকিৎসার জন্য সাধারণ মানুষগুলো কোথায় যাবে?

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, করোনা উপসর্গে অসুস্থদের দ্রুত পরীক্ষা নিশ্চিত করুন। মৃত্যুর হার কমাতে এখনই সর্বসাধারণের জন্য হাসপাতাল, আইসিইউ বেড ও অক্সিজেনের ব্যবস্থা করুন। হাসপাতালে অক্সিজেনের জন্য হাহাকার চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অসুস্থ অবস্থায় এসে ভর্তি হতে না পেরে অ্যাম্বুলেন্সে ঘুরে ঘুরেই জীবন দিতে হচ্ছে অনেক মানুষকে।