সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া থেকে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের করা আইসিটি আইনের মামলায় তাকে আটক করা হয়। পরে গতকাল রবিবার ওই শিক্ষকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আজ সোমবার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ভার্চুয়াল কোর্টে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মুহিব্বুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, নাসিমের মৃত্যু নিয়ে ফেইসবুকে ব্যঙ্গ করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের করা আইসিটি আইনের মামলায় শিক্ষক সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করা হয়।
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া দেশ রূপান্তরকে বলেন, তার করা মামলায় সিরাজাম মুনিরাকে আটক করা হয়। কিন্তু গ্রেপ্তারের ৩০ মিনিট পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাপে পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় মুনিরাকে গ্রেপ্তার দেখায়। তুষার কিবরিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্রেডিট নিতে এ কাজ করেছে। এই প্রশাসনই তো সিরাজাম মুনিরাকে নিয়োগ দিয়েছে। সুতরাং তারাও দায় এড়াতে পারে না।’