কুষ্টিয়ার দুইটি ব্যাংকে চার কর্মকর্তাসহ একজন অফিস সহকারী করোনায় আক্রান্ত হওয়ায় দুইটি ব্যাংকের শাখা দুটিকে লকডাউন করেছে কর্তৃপক্ষরা।
রবিবার দুপুরে ব্যাংকগুলোর পৃথক দুটি শাখায় লকডাউন সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে।
ব্যাংকের শাখা দুটি হল- পূবালী ব্যাংক লিমিডেট কুষ্টিয়া শাখা এবং ইসলামী ব্যাংক লিমিটেড পোড়াদহ শাখা।
ব্যাংক কর্তৃপক্ষ স্বাক্ষরিত কাগজে বলা হয়েছে ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এই শাখা বন্ধ থাকবে।
পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, আমাদের একজন জুনিয়র অফিসার পুরুষ ও একজন নারী ক্যাশ অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন এ বিষয়টি বৃহস্পতিবার রাতে আমরা অবগত হওয়ার পরে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকের একজন ডেপুটি জুনিয়র অফিসারের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় তিনি বর্তমানে রাজবাড়ী জেলার পাংশাতে তার গ্রামের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এমন অবস্থায় শুক্রবার থেকে পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখা লকডাউন করা হয়েছে।
এ দিকে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংক কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ শাখার এক কর্মকর্তা জানান, আমাদের একজন অফিসার ও অফিস সহকারীর করোনা শনাক্ত হওয়ার কারণে রবিবার থেকে ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এই শাখা বন্ধ থাকবে বলে আমাদের জানানো হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার সংগৃহীত নমুনা পরিক্ষার পর প্রপ্ত ফলাফলে পুবালী ব্যাংক কুষ্টিয়া শাখার দুইজন ও বাংলাদেশ ইসলামী ব্যাংক পোড়াদহ শাখার দুইজন কভিড-১৯ পজেটিভ হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে স্বাস্থ্যবিধি অনুসারে শাখা দুটি লকডাউন করার পরামর্শ দেয়া হয়েছে।