‘করোনা মোকাবিলায় সরকারের পরিকল্পনা-সমন্বয়ে ঘাটতি প্রকট’

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমে পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি প্রকটভাবে লক্ষণীয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

সোমবার অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

‘করোনাভাইরাসের সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ’ সংক্রান্ত একটি গবেষণাপত্র আজ অনলাইনে প্রকাশ করেছে টিআইবি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, করোনাভাইরাসের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকের ক্ষেত্রে ব্যাপক ঘাটতি বিদ্যমান।

এছাড়া দীর্ঘসময় ধরে পরিকল্পনাহীনতা, সুশাসনের ঘাটতি ও অপ্রতুল বাজেট বরাদ্দের কারণে স্বাস্থ্যখাতের দুর্বলতা করোনাকালীন এই সংকটে উন্মোচিত হয়েছে বলেও তিনি মনে করেন।

সরকারি হিসাব অনুযায়ী দেশে রবিবার সকাল ৮টা নাগাদ ৮৭ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৭১ জন।

পর্যাপ্ত চিকিৎসার অভাবে অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসা না পেয়ে উপসর্গ নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক রোগী মারা গেছেন।

এছাড়া করোনার বিস্তার রোধে সাধারণ ছুটি ঘোষণা এবং এর মধ্যে আবার পোশাক কারখানা খোলা নিয়েও সমন্বয়ের অভিযোগ উঠেছে খোদ মন্ত্রিসভা থেকে। ঈদে প্রাইভেটকার-মাইক্রোবাসে গ্রামে ফেরার অনুমতি দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।