‘ম্যাট্রিক্স’ সিরিজের অতিপ্রতীক্ষিত চতুর্থ কিস্তির মুক্তির এক বছর পিছিয়ে গেল। করোনাভাইরাস পরিস্থিতিই এই সিদ্ধান্তের কারণ বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রস।
আগের শিডিউল অনুসারে নাম ঠিক না হওয়া ‘ম্যাট্রিক্স’ সিক্যুয়ালটি ২০২১ সালের ২১ মে মুক্তি পাওয়ার কথা, কিন্তু সেখান থেকে পিছিয়ে গেল পরের বছরের ১ এপ্রিল।
আগের তিন কিস্তির মতো লানা ও অ্যান্ডি ওয়াচৌস্কি ভাইদের পরিচালনায় প্রধান চরিত্রে থাকছেন কিয়ানু রিভস ও ক্যারি অ্যান মস। আরও থাকছেন ইয়াহিয়া আবদুল-মতিন টু, জেসিকা হেনউইক ও নেইল পাট্রিক হ্যারিস।
পাশাপাশি অ্যানা হ্যাথাওয়ের ‘উইচেস’ রিমেকের শিডিউলে পরিবর্তন এনেছে ওয়ার্নার ব্রস। অক্টিভিয়া স্পেন্সার, স্ট্যানলি তুষি ও ক্রিস রকের ছবিটি মুক্তি পাবে অক্টোবরে।
এ ছাড়া ‘ম্যাট্রিক্স ফোর’-এর আগের ডেটে মুক্তি পাবে ‘গডজিলা ভার্সেস কং’। এ বছরের ২৩ ডিসেম্বরের বদলে ‘টম অ্যান্ড জেরি’ মুক্তি পাবে ২০২১ সালের ৫ মার্চ। একই বছরের ৪ জুন নাম প্রকাশ না হওয়া হরর সিনেমা মুক্তি দেবে ওয়ার্নার ব্রস।
শুক্রবার প্রতিষ্ঠানটি জানায় ১৭ জুলাই থেকে পিছিয়ে মাসের শেষ দিন মুক্তি পাবে ক্রিস্টোফার নোলানের স্পাই থ্রিলার ‘টেনেট’। এ কারণে আগস্ট থেকে পিছিয়ে ২ অক্টোবর মুক্তি পাবে বছরের প্রথম সুপারহিরো সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’।