নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ইব্রাহীমপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম ইমন রহমান (২৩)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর ১৫ ইব্রাহীমপুর প্রাইমারি স্কুলের পেছনে নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ও দগ্ধ হয়েছে আনিস (২২) ও ফয়সাল (২০) নামের আরও দুই শ্রমিক।

আনিসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আর ফয়সালকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ইমনের বাবা আনোয়ার হোসেন জানান, তাদের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলায়। ঢাকার ইব্রাহীমপুরেই থাকেন তারা। বড় ছেলেসহ ইমন ও তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

তিনি বলেন, সকালে ইব্রাহীমপুরের ওই নির্মাণাধীন ৫তলা ভবনে রড মিস্ত্রির কাজ করছিলেন তারা। রশি বেঁধে ভবনের নিচ থেকে ৫তলায় লোহার রড উঠাচ্ছিল ইমন ও আনিস। আর ভবনের নিচে কাজ করছিল ফয়সাল।

আনোয়ার হোসেন বলেন, তখন পাশের তারের সঙ্গে রডের স্পর্শ লাগলে ওপরে থাকা দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। আর ভবনের নিচে থাকা ফয়সালও দগ্ধ হয়। তবে সে কীভাবে দগ্ধ হলো তা জানাতে পারেনি কেউ।

পরে সহকর্মীরা তাদের তিনজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ইমনকে ১১টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, ইমনের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। আনিস ও ফয়সালের অবস্থা গুরুতর নয়। তারা চিকিৎসাধীন রয়েছে।