রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের গণপিটুনিতে রিপন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এসিএস টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রূপগঞ্জ থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রিপনের বাড়ি উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায়। গ্রেপ্তারকৃতরা হলেন, বরপা শান্তিনগর এলাকার মো. আলীর ছেলে হৃদয় (২০) ও সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার সুলতান মিয়ার ছেলে মোশারফ (২১)।   

ওসি মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরপা এলাকায় একদল ডাকাত একটি পিকআপভ্যানে করে ঢাকা-সিলেট মহাসড়কে বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন ট্রাক চালক ডাকাতির বিষয়টি টের পেয়ে ওই এলাকায় টহলরত পুলিশকে বিষয়টি জানান। এ সময় টহল পুলিশ ও স্থানীয়রা ডাকাত দলকে ধাওয়া দিলে ডাকাতদলের পিকআপভ্যানটি বরপার এসিএস টেক্সটাইলের সামনে খাদে আটকে যায়। পুলিশ হৃদয় ও মোশারফ নামে দুই ডাকাতকে আটক করতে পারলেও অপর আরেক ডাকাত রিপন স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন। ডাকাতদলের বাকি অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

এসময় ডাকাতদের ব্যবহৃত পিকআপভ্যান ও ডাকাতি করার ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেন। গ্রেপ্তারকৃতরা তাদের সঙ্গে থাকা আরও ৩/৪ জন ডাকাতের নাম পুলিশকে জানিয়েছে। তাদের সঙ্গে থাকা অন্যান্য ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় এক হত্যা মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।