কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টা পাড়া সীমান্তে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বিজিবি জানায়, সোমবার ভোরে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০ এর কাছে ১৫ থেকে ২০ জনের একটি দল গরু আনতে যায়। এ সময় বিএসএফর ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে আসলেও হযরত আলীকে (৪৮) ধরে নিয়ে যায় ঝালরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। হযরত আলীর বাড়ি উপজেলার শৌলমারী ইউনিয়নের লাউয়াবাড়ী গ্রামে।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আজাদ জানান, আটক বাংলাদেশিকে ফিরিয়ে আনতে বিএসএফ’র সাথে যোগাযোগ চলছে।
তবে ধৃতের স্বজনরা বলছেন, তাদের ভারতীয় আত্মীয়দের কাছ থেকে ফোনে শুনেছেন, হযরত আলীকে হযরত আলীকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। শাস্তির নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাকে ফেরত আনা সম্ভব হবে না।