যাত্রী কম থাকায় ট্রেনের সংখ্যা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মহাপরিচালক মো. শামসুজ্জামান সোমবার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা আপাতত ট্রেনের সংখ্যা বাড়াব না। যাত্রী সংকট থাকায় আমরা দুটি ট্রেন কমিয়ে ফেলতে পারি।’
৩০ জুন পর্যন্ত সীমিত আকারে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরণের গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে রেলের মহাপরিচালক ট্রেনের সংখ্যা না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
এর আগে ২৮ মে মন্ত্রিপরিষদ বিভাগ ৩১ মে থেকে সীমিত আকারে গণপরিবহন চলাচলের ঘোষণা দেয়। তখন দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচলও শুরু হয়।
প্রথম পর্যায়ে আটটি আন্তনগর ট্রেন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলতে শুরু করে। ৩ জুন থেকে আরও ১১টি ট্রেন চালু হয়। স্টেশনে ভিড় এড়াতে টিকিট কেবল অনলাইনেই বিক্রি হচ্ছে।