করোনায় আনসারের সহকারী প্লাটুন কমান্ডারের মৃত্যু, আক্রান্ত ৪৭৮

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সহকারী প্লাটুন কমান্ডার মারা গেছেন। তার নাম আব্দুর রউফ প্রধান (৫৫)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তার নিয়ন্ত্রণাধীন ভ্রাম্যমাণ আদালতে কর্মরত ছিলেন। এ নিয়ে বাহিনীতে মোট ৩ সদস্য করোনায় মারা গেলেন।

সোমবার আনসারের জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম রেবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আনসারে নতুন করে ২৪ ঘণ্টায় ২৬ সদস্য আক্রান্ত হয়েছে। এ নিয়ে বাহিনীতে ৫ কর্মকর্তাসহ ৪৭৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের মধ্যে ব্যাটালিয়ন আনসার ১৩৯ জন, সাধারণ আনসার ৩২৫ জন, কর্মচারী ২ জন। ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। এ পর্যন্ত বাহিনীর ২৯৭ জন সুস্থ সদস্য হয়ে কাজে যোগ দিয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন ৮৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯২ জন।

রেবিন আরও জানান, আব্দুর রউফ প্রধান চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা গেছেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার খামার নড়াইলে। গত ১০ জুন ছুটি নিয়ে তিনি বাড়িতে যান এবং ১২ জুন করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আব্দুর রউফ প্রধানকে তার গ্রামের বাড়ি গাইবান্ধায় দাফন করা হয়।