একদিনে ৩ সংগঠন থেকে সাময়িক বরখাস্ত হলেন সিরাজুম মনিরা

এবার একদিনে  তিন সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের  প্রভাষক সিরাজুম মনিরাকে।

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের দায়ের করা তথ্যপ্রযুক্তি আইনে আটক হওয়ার একদিন পর সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সোমবার প্রগতিশীল শিক্ষক সমাজ  নব প্রজন্ম শিক্ষক পরিষদ এবং বঙ্গবন্ধু ক্লাবের পক্ষ থেকে পৃথকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রেফতার হওয়া মুনিরা এ তিনটি সংগঠনের সদস্য ছিলেন।

প্রগতিশীল শিক্ষক সমাজ এর আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবু কালাম মো: ফরিদ উল ইসলাম জানান, বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগ নেতা নাসিমকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেন সিরাজুম মনিরা। যা একজন শিক্ষকের কাছ থেকে কোনভাবে কাম্য নয়। 

তিনি বলেন, যেহেতু এই সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। সেজন্য তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আলোচনা করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি মোজাহিদুল ইসলাম জানান, জাতীয় চার নেতার অন্যতম জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ক্যপ্টেন এম মুনসুর আলীর পুত্র প্রয়াত নাসিম সাহেবকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে সিরাজুম মনিরা যে স্ট্যাটাস দেন তা আমাদের চেতনা ও আদর্শের পরিপন্থি । তাই তাকে ক্লাব থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদনের আজ শুনানী হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৭জুন ধার্য্য করা হয়েছে।

উল্লেখ্য , গত শনিবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. নাসিম মারা যান। পরে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা ফেসবুকে ব্যঙ্গ করে ‘যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। পরে ওই স্ট্যাটাসের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও সরকারি অঙ্গসংগঠনের মাঝে সমালোচনার ঝড় উঠে। তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান।

পরে বেরোবি রেজিস্টারের করা মামলায় ওইদিন রাতে তাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।