গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চে ই-মেইলে জনস্বার্থে এ আবেদনটি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ।
স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন সচিব, ঢাকা ওয়াসা এবং পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিটে। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২২ (৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের জারি করা অফিস আদেশ কেন বেআইনি ও আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং আইনের এই ধারাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল চাওয়া হয়েছে এই আবেদনে।
রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বলেন, স্থানীয় সরকার বিভাগের ওয়াসার পানির দাম বাড়ানো সংক্রান্ত অফিস আদেশ অনুযায়ী আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।