প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৪ জুন রবিবার দেশ রূপান্তরের পথম পৃষ্ঠায় ‘মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগদাতা কে এই আশিক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, সংবাদটি রীতিমতো শত্রুতামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। করোনা মহামারীতে সংকটময় পরিস্থিতির মধ্যে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত না থেকেও করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছেন সারা দেশের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। আমরা সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের বাইরে শক্তি বাড়াতে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট যুক্ত করার প্রক্রিয়া শুরু করি। এখানে যারা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে অস্থায়ী ও মাস্টার রোলে কাজ করেছে, তাদেরই চাকরি হয়েছে। অডিও রেকর্ডটা আমার না। আমার নাম ভাঙিয়ে অন্যরাও এটা করতে পারে। আমরা মূলত কভিড-১৯ রোগীদের সেবা দেওয়ার জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় কাজ করার জন্য এগিয়ে এসেছি।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে প্রকাশিত তথ্য নির্ভুল ও যাচাই-বাছাই করেই সংবাদটি ছাপা হয়েছে।