রাজধানীতে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর দারুস সালাম থানার বসুপাড়া এলাকার একটি মেস থেকে তপু মজুমদার (২৬) নামে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তপু আত্মহত্যা করেছেন।

দারুস সালাম থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে খবর পেয়ে তারা বসুপাড়া সামসুল আরেফিনের বাসার ২য় তলার মেসে যান। গিয়ে দরজায় তালা দেওয়া পন। পরে দরজা ভেঙে তপু মজুমদার নামে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, অনেকের সঙ্গে কথা বলে জেনেছি তপু কিছুটা মানসিক সমস্যায় ছিলেন। ধারণা করা হচ্ছে, গত রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওসি তোফায়েল আহমেদ বলেন, তপু কেন গলায় ফাঁস দিয়েছেন তা জানা যায়নি। তার সহকর্মী বা পরিবারের লোকজনও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। গাবতলী এলাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তপু ফরিদপুরের মধুখালী উপজেলায় গৌরাঙ্গ মজুমদারের ছেলে।