গাজীপুরে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

গাজীপুরের কাশিমপুরে এক যুবকের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, উপজেলার লোহাকৈর এলাকার ওই ঘটনায় গত রবিবার আনোয়ার হোসেন (৪০) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আনোয়ার ওই এলাকার রতন মিয়ার ছেলে।

মামলার এজাহারে বলা হয়, পাঁচ মাস আগে বাড়ির পাশের দোকানে চা পাতা আনতে যায় ওই ছাত্রী। এ সময় চা পাতা দোকানে নয় বরং বাসায় রয়েছে জানিয়ে ছাত্রীটিকে তার বাড়িতে নিয়ে যায় দোকানি আনোয়ার। এরপর ফাঁকা বাড়িতে নানা ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে তা মোবাইল ফোনে ভিডিও করে সে। পরবর্তী সময়ে ওই ভিডিও ছাত্রীটিকে দেখিয়ে ধর্ষণ করে আসছে আনোয়ার। সবশেষ গত বৃহস্পতিবার ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বিষয়টি জানাজানি হয়। এদিকে বিষয়টি সাজানো বলে দাবি করেছেন আনোয়ারের স্বজনরা। কাশিমপুর থানার এসআই দীপঙ্কর রায় জানান, এ ঘটনায় ছাত্রীটির মা বাদী হয়ে মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়।