ময়নাতদন্ত প্রতিবেদন

পিঠে গুলি করে হত্যা করা হয়েছে কৃষ্ণাঙ্গ ব্রুকসকে

যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ তরুণ রেইশার্ড ব্রুকস নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে ফুলটন কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয়। গত রবিবার ময়নাতদন্তের পর চিকিৎসকের দেওয়া বিবৃতিতে বলা হয়, পিঠে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ব্রুকস। তার পিঠে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স। রবিবার রেইশার্ড ব্রুকসের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এক বিবৃতিতে সংশ্লিষ্ট চিকিৎসক জানান, দুটি গুলির আঘাতজনিত ক্ষত ও রক্তপাতের কারণে তার মৃত্যু হয়েছে। যেভাবে তার মৃত্যু হয়েছে তাকে হত্যাকাণ্ড বলতে হবে।

ব্রুকস নিহত হওয়ার ঘটনায় এরই মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন আটলান্টা পুলিশ প্রধান। বিভাগের অন্য দায়িত্বে নিযুক্ত থাকবেন তিনি। হত্যাকাণ্ডে জড়িত দুই পুলিশ কর্মকর্তার একজনকে বরখাস্ত করা হয়েছে এবং অপরজনকে পাঠানো হয়েছে প্রশাসনিক ছুটিতে। এ ঘটনার প্রতিবাদে আটলান্টার রাস্তায় নেমে আসা প্রতিবাদকারীরা দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার দাবি তুলেছে। মিনিয়াপলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যখন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে এর মধ্যেই শুক্রবার (১২ জুন) পুলিশের গুলিতে নিহত হন ব্রুকস। ব্রুকসের হত্যাকাণ্ডের ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভ আরও সহিংস রূপ নেয় কিছু শহরে।