মোহাম্মদ নাসিম স্মরণে মাসব্যাপী শোক কর্মসূচি

সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ। 

গতকাল সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এ-সংক্রান্ত এক সভায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এ কর্মসূচি ঘোষণা করেন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনের সাংসদ মোহাম্মদ নাসিম স্মরণে মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, মসজিদ, মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল, এতিমখানায় কোরআনখানি ও উন্নতমানের খাবার পরিবেশন, হাট-বাজারের দোকানপাটে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং মোহাম্মদ নাসিমের স্মৃতিচারণ ও দোয়ার অনুষ্ঠান। এ ছাড়া মাসব্যাপী উপজেলার সব মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও ১৫টি মন্দিরে মাসব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।