রাজধানীর কয়েকটি এলাকায় মঙ্গলবার বেলা ১২টা থেকে ছয় ঘণ্টা গ্যাস থাকবে না।
এর মধ্যে বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও আশপাশের এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন হতে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে।
এ কারণে মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক ও আশপাশের এলাকা, বনানী পুরো এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও এর আশেপাশের এলাকায় ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।