লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষ, নিহত ৩ ভারতীয় সেনা

লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনার মধ্যে উত্তেজনা শেষমেশ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিল। চীনা সেনাদের গুলিতে ভারতের তিন সেনা সদস্য নিহত হয়েছে। 

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, সোমবার রাতে গোলওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতের দুই জওয়ান এবং একজন কর্নেল নিহত হন।

মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে ভারতীয় সেনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বেইজিংয়ের দাবি, ভারতীয় সেনারা জোরপূর্বক তাদের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করলে এবং চীনা সেনাদের দিকে গুলি চালালে এই ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, গতকালই দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। এর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটল।

ভারতীয় সেনা কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, গলওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’পক্ষের শীর্ষ পর্যায় বৈঠক করছেন।

৪৫ বছর পরে ফের সেনার হামলায় মৃত্যু হলো কোনো ভারতীয় সেনার। সর্বশেষ ১৯৭৫ সালে এমন ঘটনা ঘটেছিল

প্রসঙ্গত, মে মাস থেকে লাদাখে অমীমাংসিত সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। দুই পক্ষের সেনাদের মধ্যে হাতাহাতি, পাথর ছোড়াছুড়ির মতো একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই উত্তেজনাকে কেন্দ্র করে চীন তার সীমান্তে যুদ্ধবিমানের উপস্থিতি ঘটায়। 

এর মধ্যে জুনের শুরুতে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা, নাকুলা এবং প্যাগং লেকের উত্তরপ্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে চীনা সেনারা। এই ঘটনায় দুই দেশের সেনা পর্যায়ে দফায় দফায় বৈঠকেও সংকট নিরসন হয়নি।