মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপ (মিনিট্রাক) ও চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- বন্ধু চুলা খ্যাত এনজিও বন্ধু ফাউন্ডেশনের মো. জহির উদ্দিন (৪০) ও সাহেরখালী ইউনিয়ন পরিষদের চৌকিদার লৎফুর রহমান (৪২)।

চৌাকদার লুৎফুর রহমান ২ সন্তানের জনক। কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

চালক আনিস জানান, তিনি চট্টগ্রাম থেকে মাছের পোনা নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন। হঠাৎ পিকআপের ক্লাসে কাজ করছিল না। অনেক চেষ্টা করেও গাড়িকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিলো না। এরপরই এই দুর্ঘটনা বলে তিনি স্বীকার করেন। গাড়ির ত্রুটি না সারিয়ে রাস্তায় কেন চলাচল করছেন এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি।

কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো.রাজ্জাক জানান, ঢাকামুখী মোটরসাইকেলকে একই দিকে যাওয়া একটি পিকআপ ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পিকআপটি মোটরসাইকেলটিকে টেনে প্রায় তিনশ ফুট দূরে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

পিকআপটিকে চালক আনিসসহ মিরসরাই থানায় আটক করা হয়েছে। নিহতদের নাম ও ঠিকানার বিষয়ে নিশ্চিত করেছেন সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল আহসান এবং মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান।