প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি চিঠি গোপনসহ আর্থিক অনিয়মের অভিযোগ

সরকারি চিঠি গোপনসহ তহবিলের টাকা খরচের অনিয়মের অভিযোগ উঠেছে নেত্রকোনার কলমাকান্দা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিলের বিরুদ্ধে। 

জানা যায়, বিদ্যালয়টি সরকারিকরণের পর ২৯ শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতা আত্মীকরণের লক্ষ্যে চলতি বছরের ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ফেরদৌসী আখতার স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের ঠিকানায় পাঠানো হয়। সেই চিঠি ছয় মাস ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপন রাখেন। জেলার পূর্বধলা ও বারহাট্টা উপজেলাসহ একই সময়ে সরকারিকরণকৃত বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিরা ইতিমধ্যে সরকারি ভাতা পেয়েছেন। কিন্তু এ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারির দাবি চিঠিটি প্রধান শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে গোপন করেন। ২৯ শিক্ষক ও কর্মচারির তালিকা যথাসময়ে প্রেরণ না করায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫ শ শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি পরিচয়পত্র বাবদ ১২০ টাকা করে আদায় করেছেন। তবে পরিচয়পত্রের খরচ পরিশোধ করেছেন বিদ্যালয়ের তহবিলের টাকা থেকে।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস জানান, ইলিয়াস হোসেন কোকিল দুর্নীতিবাজ প্রধান শিক্ষক। আমি সভাপতি থাকাকালীন ৪০ লাখ টাকা বিদ্যালয়ের তহবিলে রেখে এসেছি। আমি বিদ্যালয় থেকে বের হয়ে আসার অল্প সময়ের মধ্যেই তিনি ওই টাকা গ্রাস করেছেন। তাছাড়া তিনি পরিচয়পত্র বাবদ ১২০ টাকা করে ছাত্র-ছাত্রীদের কাছ কয়েক লাখ আদায় করেন। কিন্তু কার্ডের টাকা পরিশোধ করেন বিদ্যালয় তহবিল থেকে। 

এ ছাড়াও তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।      

চিঠি গোপনের অভিযোগ অস্বীকার করে কলমাকান্দা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল বলেন, শিক্ষার্থীদের পরিচয়পত্রের কার্ড বাবদ যে টাকা আদায় করা হয়েছে তা থেকেই কার্ডের টাকা পরিশোধ করা হয়েছে। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা বলেন, আমি দায়িত্বে আসার আগেই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে পরিচয়পত্রের টাকা তুলেছেন। এ বিষয় আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। তবে বিদ্যালয়ের বিল ভাউচারের বিষয়ে প্রধান শিক্ষককে বললে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। 

চিঠি গোপনের বিষয়ে তিনি বলেন, যদি এরকম হয়ে থাকে তাহলে তিনি এটি ভালো করেন নাই। 

তিনি বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।