পুরো ওয়ার্ড নয় যেখানে করোনার সংক্রমণ বেশি শুধু সেই এলাকাগুলো লকডাউনের পক্ষে মত দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন কেন্দ্রীয় ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভায় মেয়র এসব কথা বলেন।
তাপস জানান, লকডাউনের বিষয়ে আমাদের সামগ্রিকভাবে ২৮টি এলাকার কথা জানানো হয়েছে। সেই এলাকাগুলো অনেক বড়। আমরা বিষয়টি তাদেরও (স্বাস্থ্য মন্ত্রণালয়) জানিয়েছি। তারাও বিষয়টি অনুধাবন করেছেন
তিনি বলেন, আমরা চাই, যারা শুধু সংক্রমিত তাদের এর আওতায় আনা। বাকিদের জীবন ও জীবিকা যাতে স্বাভাবিকভাবে চলতে পারে। কারণ, একটি ওয়ার্ড অনেক বড়। সরকারও চায় না সব এলাকা এর আওতায় আসুক।
তাপস বলেন, এলাকাভিত্তিক সুনির্দিষ্ট নকশা চিহ্নিত করে দেওয়ার পর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে লকডাউন কার্যকর করা হবে। আমরা আশা করছি দুই-একদিনের মধ্যেই চিহ্নিত এলাকাগুলোর বিষয়ে কার্যক্রম হাতে নিতে পারব। লকডাউন বাস্তবায়নে প্রস্তুতি নেওয়ার জন্যই আমরা এ সভা করেছি। প্রাথমিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে কার্যপরিধিগুলো বুঝে নিয়েছি। আমরা আশা করছি, দুই-একদিনের মধ্যে এলাকাগুলো চিহ্নিত হলেই কার্যক্রম শুরু করতে পারব।