মহামারির দিনে এই বাজেট জনগণের জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ: ড. কামাল

করোনাভাইরাস মোকাবিলায় দল মত নির্বিশেষে বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনগণের জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ।

মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে এক মানববন্ধনে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, করোনা মহামারির এই দুর্দিনে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় ব্যর্থ। এসময় তিনি বিনা চিকিৎসায় করোনা আক্রান্তদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেন।

গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু অনলাইনে যুক্ত হয়ে বলেন, করোনা মোকাবিলায় সরকারের নানা অবহেলা, অযোগ্যতা ও অব্যবস্থাপনায় আমি হতবাক। এমন ক্রান্তিকালেও ত্রাণ লুটপাট ও দুর্নীতির খবরে মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা বোধ করি। এ সময় করোনা মোকাবিলায় যুব সমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

বাজেটকে গতানুগতিক ও বড় লোকদের স্বার্থ রক্ষার বাজেট উল্লেখ করে অনলাইনে যুক্ত হয়ে গণফোরামের নেতা অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এ বাজেটে কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অপর্যাপ্ত, বেকারদের কর্মসংস্থানের কোনো দিক নির্দেশনা নেই।

গণফোরামের আরেক নেতা সুব্রত চৌধুরী বলেন, থোক বরাদ্দের নামে প্রস্তাবিত বাজেটে সরকার নিজেদের অপরিপক্বতা ও দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশটাকে দুর্নীতিবাজ ও কালো টাকার মালিকদের অভয়ারণ্যে পরিণত করেছে।