লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছয়টি প্রতিষ্ঠানের আটটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে রাষ্ট্রীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান বিএসটিআই। বাতিল হওয়া পণ্যগুলোর মধ্যে ছয়টি খাবারের তেলের ও দুটি জুসের ব্র্যান্ড।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআইয়ের সার্টিফিকেশন কমিটির সভায় লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে।
পণ্যগুলো হলো- রংপুরের কোতয়ালীর গ্রীণ অয়েল এন্ড পোল্ট্রি ফিড ইন্ডাষ্ট্রিজের ‘বাসমতি’ ব্র্যান্ডর ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, সাভারের আশুলিয়ার ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ‘ইফাদ সলিড গোল্ড’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, ময়মনসিংহের শম্ভুগঞ্জের এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ‘পিউরিভা’ ও ‘রাইপ’ ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল, নরসিংদীর শিবপুরের গ্রিণ ট্রেড হাউজের ‘টেস্টি’ ব্র্যান্ডের ফর্টিফাইড পাম অলিন, চট্টগ্রামের চান্দগাঁওয়ের ‘ওকে’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন এবং রংপুরের মিঠাপুকুরের ‘আরডি জুসিলা’ ও ‘আর ডি ফজলী’ ব্র্যান্ডের ম্যাংগো ফ্রুট ড্রিংকস।
বিএসটিআাইএর বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধ লাইসেন্স গ্রহণের আগে এসব পণ্য বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ থাকবে।