করোনাভাইরাসজনিত কভিড-১৯ রোগে বরিশালে আরও ৮৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ৬৬৭ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। নতুন ১ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। আরও ১৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১৮ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ওই তথ্য নিশ্চিত করেছে। এদিকে জেলায় জোনভিত্তিক লকডাউন হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
বরিশাল বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ ম-ল জানান, গতকাল পর্যন্ত বরিশাল জেলা ও মহানগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৮ জন। জেলা ও মহানগরীতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯২ ও মৃত্যু হয়েছে ১০ জনের। ভোলায় আক্রান্ত ১৪০ ও মৃত্যু হয়েছে ২ জনের। পিরোজপুরে আক্রান্ত ১২৭ ও মৃত্যু হয়েছে ৩ জনের। বরগুনায় আক্রান্ত ৩৫ জন ও মৃত্যু হয়েছে ২ জনের। ঝালকাঠীতে আক্রান্ত ৯৭ ও মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সহকারী পরিচালক জানান, করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিভিন্ন এলাকা লাল, হলুদ ও সবুজ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এই জোনিং তালিকা সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন লাল ও হলুদ এলাকায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেবে। যেকোনো সময় জোনিং তালিকা অনুযায়ী লকডাউন আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
এদিকে গতকাল বিকেলে বরিশাল জেলা প্রশাসনের করোনা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানিয়েছেন, বরিশাল জেলায় ও মহানগরের লাল এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময় গুরুত্ব বিবেচনায় ওয়ার্ড ও অঞ্চলভিত্তিক লকডাউন করা হতে পারে।