মানবপাচারকারী চক্রের সদস্য আজাদ মেহেরপুরে গ্রেপ্তার

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদকে (৩০) মেহেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা মোল্লাপাড়ার হাবিবুর রহমানের ছেলে। ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক তিনি। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুস সামাদ আজাদ বেশ কিছু বছর লিবিয়ায় ছিলেন। বছর চারেক আগে দেশে ফিরে আসেন। তারপর শোনা গেল তিনি লিবিয়ায় লোক পাঠান। কিন্তু তিনি মানবপাচারকারী দলের সদস্য কি না তা স্থানীয়রা জানেন না।

সিআইডির ওসি হাসান ইমাম জানান, আজাদ আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য। সম্প্রতি লিবিয়ায় মানবপাচার ও হত্যাকাণ্ডের ঘটনাটি তাদের গ্রুপের দ্বারা সংঘটিত হয় বলে অভিযোগ রয়েছে। আজাদের নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানবপাচার আইনে একটি মামলা আছে। লিবিয়ায় ঘটনার পর আজাদ শ^শুরবাড়িতে আশ্রয় নেন। সিআইডি এ তথ্য নিশ্চিত হলে আজাদের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।