আরও একটি ‘হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা’ পেল জেনারেল হাসপাতাল

করোনা রোগী চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একটি ‘হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা’ দিয়েছে সিটি ব্যাংক।

করোনায় আক্রান্ত রোগীর জন্য নির্ধারিত জেনারেল হাসপাতালটি চট্টগ্রামের সবচেয়ে বড় হাসপাতাল। এই হাসপাতালের দেড় শ বেডে এবং ১০টি আইসিইউ শয্যায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সিএমপি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রবের কাছে হাই ফ্লো ন্যাসেল ক্যানোলা হস্তান্তর করেন।

এ বিষয়ে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট আব্দুর রব বলেন, হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ছে। তাদের অধিকাংশ শ্বাসকষ্টে ভুগছে। ন্যাসাল ক্যানোলার মাধ্যমে এসব শ্বাসকষ্টের রোগীকে সেবা দিয়ে মৃত্যুহার কমানো সম্ভব হবে। একটি ক্যানোলা দিয়ে প্রয়োজন অনুযায়ী অনেক রোগীকে সেবা দেওয়া যাবে।