কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর হোসেনের বাড়ি থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। গত সোমবার রাতে টেকনাফ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, করোনা পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সুযোগে ইয়াবা কারবারিরা জেলায় ফের সক্রিয় হয়ে উঠেছে। ইউপি চেয়ারম্যান নূর হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি হলেও তথ্য-প্রমাণ এবং মামলা না থাকায় এতদিন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার নেতৃত্বে ইয়াবা পাচারের গোপন সংবাদে সোমবার রাতে বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় নূর হোসেন, তার তিন সহযোগী দিল মোহাম্মদ (৩৫), হাফেজ উল্লাহ (৪০), লালাসহ (৩০) চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।