নেত্রকোনায় মাছের খামারে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় মাছের খামারে সেচ দেয়ার সময় বিদ্যুস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার জালশুকা গ্রামে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

প্রথমে ছেলে বিদ্যুতায়িত হলে বাবা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে মারা যান।

নিহতরা হলেন- উত্তর জালশুকা এলাকার মৃত ইসমত আলীর ছেলে সমর আলী (৫২) ও তার ছেলে পাপ্পু আহমেদ প্রান্ত (২২)।

নিহত পাপ্পু আহমেদ ময়মনসিংহ আনন্দ মোহন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্সের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মৎস্য খামারের মাছ বিক্রির উদ্দেশ্যে বাড়ির পাশে খামারের একটি পুকুরে সেচ দিতে যান বাবা ও ছেলে। পরে কোনো এক সময় ছেলে প্রান্ত পুকুরে নেমে মটরের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। বাবা সমর আলী ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন।

এদিকে আসতে বিলম্ব দেখে বুধবার ভোর ৪টার দিকে পাপ্পুর মা ফিরোজা বেগম খামারে গিয়ে বিদ্যুতের তারে জড়ানোর দৃশ্য দেখেন। তার চিৎকারে এলাকাবাসী ও স্বজনেরা বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।