সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপারসন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের মা জোহরা বেগম (৮৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার রাত ২টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশের বাসভবনে তার মৃত্যু হয়। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে জানাজা শেষে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন ড. হোসেন জিল্লুর।
জোহরা বেগমের স্বামী ছিলেন চট্টগ্রামের খ্যাতিমান প্যাথলজিস্ট ডা. আবদুল মতিন। তাদের ছেলেমেয়েদের মধ্যে অধ্যাপক ডা. তাহমিনা বানু চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, অধ্যাপক ডা. মহসিন জিল্লুর করিম বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক এবং স্থপতি আদনান মোরশেদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকার সহযোগী অধ্যাপক।