করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরের প্রথম রেড জোন হিসেবে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে টানা ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে এই লকডাউন কার্যকর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, লকডাউনের ফলে ওয়ার্ডের ২০টি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে ১৪টির প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সেনা ও পুলিশ সদস্যরা নিয়োজিত আছেন। বাসিন্দাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে চসিকের নিয়ন্ত্রণকক্ষ ও এলাকাভিত্তিক একাধিক স্বেচ্ছাসেবক দল।
এ বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুসারে লকডাউন কার্যকর করা হয়েছে।
প্রয়োজনীয় কাজের জন্য ৬টি সড়ক খোলা রাখা হয়েছে। বাকি সব বন্ধ। রিকশা-ভ্যানের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। নিয়ন্ত্রণকক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’