যশোরের কেশবপুরে গাঁজাসহ আটক চৌগাছা থানার এসআই মো. হাসানুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে আদালতে হাসানুজ্জামানের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওহিদুজ্জামান। বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করলে গত মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়া হয়।
পুলিশের একটি সূত্র জানায়, বুধবার রিমান্ড শেষ হওয়ায় হাসানুজ্জামানকে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা। পরে বিকেল ৩টার দিকে আদালতে আনা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন একই মামলায় আটক নাজমুল ইসলাম। তবে এজাহারভুক্ত আরেক আসামি শহীদকে এখনো আটক করা যায়নি।